© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত ভারত-চীনের

শেয়ার করুন:
৫ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত ভারত-চীনের
মোজো ডেস্ক
১০:৪১ এএম | ২৮ জানুয়ারি, ২০২৫
প্রায় পাঁচ বছর পর চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে ভারত। করোনা মহামারি এবং পরবর্তী রাজনৈতিক উত্তেজনার কারণে ২০১৯ সালের পর থেকে দুই দেশের মধ্যে এই বিমান চলাচল বন্ধ ছিল।

সোমবার (২৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং সফরকারী এক শীর্ষ দূতের আলোচনার পর উভয় দেশ নীতিগতভাবে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে চলতি গ্রীষ্মে কৈলাশ-মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশরির চীন সফর ২০২০ সালে হিমালয়ে সংঘটিত প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, উভয় দেশের সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষ খুব শিগগিরই এই বিষয়ে হালনাগাদ কাঠামো নিয়ে আলোচনা করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, উভয় পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে। যাতে পারস্পরিক বিশ্বাস ও আস্থা পুনরুদ্ধার করা যায় এবং বকেয়া বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলোর সমাধান সম্ভব হয়।

মন্তব্য করুন