ভারত আনল নিজেদের তৈরি প্রথম সৌর গাড়ি, দাম নাগালেই
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ২৮ জানুয়ারি, ২০২৫
একবিংশ শতাব্দীর প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে। প্রযুক্তির এই বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে ভারত এবার একটি যুগান্তকারী উদ্ভাবন নিয়ে এসেছে। দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি ইভা যা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি।
নয়দিল্লিতে আয়োজিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ উন্মোচিত হয়েছে এই আধুনিক গাড়িটি। এটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি ভাইভ মোবিলিটি। এর দাম ভারতীয় মুদ্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি থেকে ৬ লাখ রুপি ধার্য করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা থেকে ৮ লাখ ৪৯ হাজার টাকার মধ্যে।
ইভা তিনটি মডেলে পাওয়া যাবে। নোভা, স্টেলা, এবং ভেগা। এই গাড়ির সৌর প্যানেলের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। যা একবার পূর্ণ চার্জে এসি চালু অবস্থায় ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। আর যদি সূর্যের আলো কম থাকে, তবে ব্যাকআপ ব্যাটারি চালু হবে। যা আরও ১০-১২ কিলোমিটার চলতে সাহায্য করবে।
ভাইভ মোবিলিটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা নীলেশ বাজাজ জানিয়েছেন, ইভা শুধুই একটি গাড়ি নয়, এটি ভারতীয় অটোমোবাইল শিল্পে এক বিপ্লব। এতে রয়েছে উন্নত প্রযুক্তি এবং স্থায়িত্বের সাথে পরিবেশবান্ধব সমাধান।
ভাইভ মোবিলিটির টেকনিক্যাল কর্মকর্তা সৌরভ মেহতা বলেন, সোলার প্যানেলের সাথে ইলেকট্রিক মোটর সংযুক্তির প্রযুক্তি তৈরি করতে আমাদের কয়েক বছর সময় লেগে গেছে। তবে এখন ইভা সম্পূর্ণ প্রস্তুত। ব্যাকআপ ব্যাটারি ও সোলার প্যানেলের সংযোগে গাড়িটি শহরের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে।
টিএ/