চ্যাটজিপিটিকে টেক্কা দিয়ে হইচই ফেললো চীনা ডিপসিক!
ছবি: সংগৃহীত
০৬:০৩ পিএম | ২৮ জানুয়ারি, ২০২৫
চীনের তৈরি কৃত্তিমবুদ্ধিমত্তা মডেলের উত্থানে তোলপাড় বিশ্ব। যার প্রভাবে ইতিহাসের সর্ববৃহৎ ধস নেমেছে শেয়ার বাজারে। বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়ারের শেয়ারে দেখা গেছে নজির বিহীন পতন। বাজারমূল্য থেকে উধাও হয়ে গেছে প্রায় ৫৯৩ বিলিয়ন ডলার। যা ওয়াল স্ট্রিটের ইতিহাসে কোনো কোম্পানির জন্য একদিনে সর্বোচ্চ ক্ষতির রেকর্ড।
গেলো সপ্তাহে একটি ফ্রি এআই অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করেছে চীনা স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক। ধারণা করা হচ্ছে, প্রচলিত এআই পরিষেবাগুলোর তুলনায় কম ডাটা ও কম খরচে অধিক কার্যকর হবে ডিপসিক। ইতিমধ্যেই চারদিকে তোলপাড় ফেলে দিয়েছে এই এআই অ্যাসিস্ট্যান্টট। জানা গেছে, সোমবারের মধ্যে অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের সংখ্যায় মার্কিন প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটিকেও পেছনে ফেলেছে ডিপসিক।
চীনের এই নতুন এআই মডেলের উত্থান এআই খাতের বর্তমান নেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। বিনিয়োগকারীদের মধ্যে রাতারাতি আতঙ্ক সৃষ্টি করেছে ডিপসিক। যার ফলে প্রযুক্তি খাতে শেয়ার বিক্রির প্রবণতা তীব্র আকার ধারণ করতে দেখা গেছে। এমনকি এনভিডিয়ার একজন মুখপাত্র ডিপসিকের মডেলটিকে একটি ‘চমৎকার এআই অগ্রগতি’ বলেও অভিহিত করেছেন।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘চীনা এআই মডেল ডিপসিক বাজারে যে ঝড় তুলেছে, সেটা আমাদের শিল্প মহলের ঘুম ভাঙিয়ে দেবে। প্রতিযোগিতায় জেতার জন্য আমাদের চূড়ান্ত মনোনিবেশ করতে হবে।’ তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ডনাল্ড ট্রাম্প। বলেন, ডিপসিকের প্রভাবে যে তোলপাড় তৈরি হয়েছে, সেটা ইতিবাচক হতে পারে। কারণ এতে আরও কম দামে নতুন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে বাধ্য হবে মার্কিন সংস্থাগুলো।
টিএ/