© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পবিত্র মাস রমজান শুরু নিয়ে যা জানালো সংযুক্ত আরব আমিরাত

শেয়ার করুন:
পবিত্র মাস রমজান শুরু নিয়ে যা জানালো সংযুক্ত আরব আমিরাত

ছবি: সংগৃহীত

করবী শীহাব
০৩:৪২ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৫
পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছেন মধ্যপ্রাচ্যে আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে এবং সেই অনুযায়ী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র ২৮ জানুয়ারি এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির জ্যোতির্বিদ্যা হিসাব-নিকাশ অনুযায়ী, ২৯ জানুয়ারি হবে হিজরি সনের রজব মাসের ২৯তম দিন। তবে ওইদিন সূর্যাস্তের সময় বা তার আগে চাঁদ অস্ত যাবে, যার ফলে ইসলামিক বিশ্বে শাবান মাসের নতুন চাঁদ দেখার সম্ভাবনা থাকবে না। এই কারণে রজব মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হিসেবে নির্ধারিত হবে।

এছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা যাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে। এর অর্থ হলো, যেসব দেশে ওইদিন ২৯ রজব হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হবে। এই দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ ইসলামিক দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাসের তারিখ নির্ধারিত হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া এই জ্যোতির্বিদ্যা বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

টিএ/

মন্তব্য করুন