© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা, স্থগিত হলো সংবিধান

শেয়ার করুন:
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা, স্থগিত হলো সংবিধান

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৬:১৪ পিএম | ৩০ জানুয়ারি, ২০২৫
৫৪ বছরের স্বৈরশাসনের পতন ঘটিয়ে ফের গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে সিরিয়া। ইতোমধ্যে দেশটিতে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীদের অতর্কিত অভিযানে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় পতন ঘটে ৫৪ বছর স্বৈরশাসন করা আসাদ পরিবারের। এরপর রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর শুরু করে আসাদ পরিবারের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেয়া গোষ্ঠীগুলো।

বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে।

সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দেন। সেই সঙ্গে দেশটিতে বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করেন তিনি। মুখপাত্র গনি জানান, বাশার আল আসাদের প্রতিষ্ঠিত সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে সেটিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আবদেল গনি। তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টিও বিলুপ্ত করা হয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ২৯ জানুয়ারি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেয়া হয়। সিরিয়ার শাসনভার নেয়ার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিচ্ছেন আল-শারা। পাশাপাশি তার দল হায়াত তাহরির আল-শারা কার্যত সিরিয়ার শাসক দলে পরিণত হয়েছে।

বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই আল-শারা জাতীয় সম্মেলন আয়োজন, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন। সে সময় তিনি জানান, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে চার বছর সময় লাগতে পারে।

টিএ/

মন্তব্য করুন