যে কারনে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইলন মাস্ক
ছবি: সংগৃহীত
০৪:০১ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ইলন মাস্ক। বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই সম্মানিত পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী ব্যাক্তি। নোবেল কমিটি ইতোমধ্যে মাস্ককে ইমেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
স্লোভেনিয়ার রাজনীতিনিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় নোবেল কমিটির ইমেইলটিও সংযুক্ত করেছেন গ্রিমস।
এক্সবার্তায় গ্রিমস বলেন, “বাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বাক স্বাধীনতা’র বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য। মাস্ক যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে প্রস্তাব পাঠানোর কথাও জানান তিনি। তার এমন মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিলো নরওয়ের নোবেল কমিটি।
বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্ত্বাধিকারী হিসেবে পরিচিত ইলন মাস্ক। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেরও মালিক তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরেও আলোচনায় আসেন এই ধনকুবের।
টিএ/