© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের!

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের!

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৫:০৩ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন ক্রীতদাসের সন্তানদের জন্য পাস হয়েছিল। সম্প্রতি ওভাল অফিস থেকে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যখন এই আইন পাস হয়েছিল তখন ক্রীতদাস প্রথা ছিল। কাজেই জন্মসূত্রে নাগরিকত্ব আইন সে সময় ভালো আইন হলেও বর্তমান পরিস্থিতিতে এটি মোটেই গ্রহণযোগ্য নয়।’

একশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বৈধতা পেয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা। এ আইনে যারাই দেশটিতে জন্ম নিত, তারাই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেত। কিছু ক্ষেত্রে শিশুর লালন-পালনের জন্য তার বাবা-মাকেও নাগরিকত্ব দেয়া হতো। এ সুবিধার জন্য প্রতিবছর অগণিত অভিবাসী বৈধ কিংবা অবৈধ পথে পাড়ি জমাতেন যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে অভিবাসী ঢল ঠেকাতে নানা প্রতিরোধমূলক পদক্ষেপ নিলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি দেশটির প্রশাসন।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেয়ার পরই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসী আইনে পরিবর্তন আনেন। অবৈধ অভিবাসী ও যাদের বাবা অথবা মা অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন, তাদের সন্তানরা আর জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধাটি পাবেন না। অবশ্য ব্যাপক বিক্ষোভের মুখে ট্রাম্পের এ আদেশ আটকে দিয়েছে দেশটির একটি আদালত। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বৈধ করা হয়েছে। ট্রাম্পের আদেশ সংবিধান বিরোধী।

তবে ট্রাম্প প্রশাসন এখনও প্রেসিডেন্টের আদেশ কার্যকরের চেষ্টা করছে। এমনকি নিজের নির্বাচনি প্রচারেও একাধিকবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

ওভাল অফিসে থেকে ট্রাম্প বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্ব আইন কেবল একটি নির্দিষ্ট জনপদের জন্য করা হয়েছিল। যারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা দিতে এসেছিল। তাদের সুরক্ষা দিতেই এ আইন কার্যকর করা হয়েছিল। তবে তার সুবিধা নিচ্ছে গোটা বিশ্ব। এখন যে কেউ যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং সন্তান জন্ম দিয়ে স্তূপ তৈরি করছে। তারা সবাই অযোগ্য মানুষ এবং অযোগ্য শিশু। তাদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন করা হয়নি।’

বিভিন্ন রাজ্যে এ নির্বাহী আদেশ বিরোধী আন্দোলনের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি সম্পূর্ণভাবে জন্মসূত্রে নাগরিকত্বের পক্ষে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুরা অবশ্যই এ দেশের নাগরিক। তবে এ আইনের অপব্যবহারকারীদের জন্য আমাদের কঠোর হতে হচ্ছে। এ আইন এ কারণে হয়নি যেন, বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রে এসে আমাদের দেশ দখল করবে।’

বিশ্বে যুক্তরাষ্ট্রসহ কেবল ৩৩টি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন স্টাডিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অবৈধ অভিবাসীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৫ থেকে ২ লাখ ৫০ হাজার শিশু জন্ম নিয়েছে। যা ওই বছর দেশটিতে জন্ম নেয়া শিশুর সাত শতাংশ। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, এ শিশুরা প্রকৃত আমেরিকানদের অধিকার কেড়ে নিচ্ছে। তাদের যেকোনো মুল্যে রুখতে হবে।

টিএ/

মন্তব্য করুন