এবার বন্ধ হয়ে গেল ইউএসএআইডির ওয়েবসাইট
ছবি: সংগৃহীত
১২:১৬ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিতের পর এবার বন্ধ হয়ে গেল ইউএসএআইডি’র অফিশিয়াল ওয়েবসাইট। ২ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও প্রবেশ করা যায়নি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের ওয়েবসাইটে। এমনকি ইউএসএআইডির সোশ্যাল মিডিয়া এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি।
বোরবার (২ ফেব্রুয়ারি) ওয়েবসাইটটি অ্যাকসেসের চেষ্টা করা হলে ‘সার্ভারের আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি’ এমন একটি বার্তা দেখানো হয়। অন্যদিকে এক্সে ইউএসএআইডির অ্যাকাউন্ট খুঁজতে গেলে দেখাচ্ছে ‘এই অ্যাকাউন্টটি এখন আর নেই।’
বিভিন্ন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার আগে গত ১ ফেব্রুয়ারি ইউএসএআইডির সব সিলমোহরও এর কার্যালয় থেকে সরিয়ে নেয়া হয়।
গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের জনগণের অর্থায়নে পরিচালিত স্বতন্ত্র এই দাতব্য সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনতে চাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়েবসাইটে ঢুকতে না পারার কারণকে সে একীভূত করার ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
ডনাল্ড ট্রাম্প গত ২৭ জানুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করে বিদেশে সংস্থাটির সব সহায়তা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তার ‘আমেরিকা ফার্স্ট বা সবার আগে দেশ’ পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্য না থাকায় ইউএসএআইডি’র সব অর্থায়ন বন্ধ রাখার আদেশ দেন।
নির্বাহী আদেশটিতে বলা হয়, ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে ইউএসএআইডির সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। ট্রাম্প প্রশাসনের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউএসএআইডি নিয়ে সরকারি পর্যালোচনা ৮৫ দিনের মধ্যে শেষ হবে। এই সময়ের নিশ্চিত করা হবে বিদেশে সংস্থাটির সব সাহায্য যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে।
টিএ/