চিরকাল ‘বাচ্চা’ রাখতে মেয়েকে নির্যাতন!
প্রতীকী ছবি
০৬:২৪ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
এক অস্ট্রেলিয়ান দম্পতি তাদের মেয়েকে শিশুসুলভ চেহারা বজায় রাখতে জোরপূর্বক কঠোর ডায়েট অনুসরণ করার জন্য শিশু নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।। দ্য মিরর ইউএস-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী ওই তরুণী একজন দক্ষ ব্যালে নৃত্যশিল্পী। তার বাবা-মা তাকে দীর্ঘসময় শৈশবের মতো দেখতে রাখার জন্য অত্যন্ত কঠোর ডায়েট অনুসরণ করতে বাধ্য করতেন, যার ফলে সে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করে। তারা চিরকাল কিশোরী চেহারা ধরে রাখার নেশায় বিবেক হারিয়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পার্থ শহরে বসবাসরত অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে, তারা তাদের কন্যার জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করেননি। তাদের মেয়ের বয়স যখন ১৬ বছর ছিল, তখন তার ওজন ছিল মাত্র ২৭ কেজি।
এমনকি, মেয়েটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ফিডিং টিউবের মাধ্যমে তার পুষ্টি সরবরাহ করা হয়। মেয়েটির বাবা তার জন্ম সনদে জন্ম তারিখ পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, যাতে কাগজে-কলমে তিনি কম বয়সী দেখাতে পারেন।
দম্পতি মেয়েটিকে ১৬ বছর বয়সে শিশুদের পোশাক পরিয়ে তাকে বয়সে ছোট দেখানোর চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে কিশোরীর মানসিক, সামাজিক ও শারীরিক বিকাশে ব্যর্থতার অভিযোগ উঠেছে, কারণ মেয়েটি দীর্ঘদিন ধরে বাড়িতেই পড়াশোনা করেছিল এবং তাকে সমাজ থেকে লুকিয়ে রাখা হয়েছিল।
কিশোরীর ব্যালে শিক্ষকরা যখন তার শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন, তখন তার পরিস্থিতি প্রথমবারের মতো প্রকাশ পায়। এরপর আদালতে মামলা হয় এবং আদালত কিশোরীটির বাবা-মাকে ছয় বছরের কারাদণ্ড দেয়। বিচারক লিন্ডা ব্ল্যাক তাদের কঠোর ভাষায় তিরস্কার করেন এবং বলেন, এই ধরনের নির্যাতন কোনোভাবেই সহ্যযোগ্য নয়।
টিএ/