© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর বিক্ষুব্ধদের

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর বিক্ষুব্ধদের

ছবি: সংগৃহীত

করবী শীহাব
০১:১৫ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা, খান সাহেব এম ওসমান আলীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এম ওসমান আলীর বাড়ি ’বায়তুল আমান’ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে মহানগর বিএনপির নেতাদের উপস্থিতিতে কয়েক শ জনতা বাড়িটিতে হামলা ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে এক্সকাভেটর দিয়ে ভবন গুঁড়িয়ে দেন। তবে ওই বাড়িতে কেউ থাকতেন না।

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্যসচিব আবু আল ইউসুফের উপস্থিতিতে কয়েক শ বিএনপির নেতা–কর্মী ও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা হাতুড়ি দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করেন। একপর্যায়ে একদল বিক্ষুদ্ধ জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি।

দাবি উঠেছে পতিত শেখ হাসিনার দোসর গডফাদার শামীম ওসমানের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত ঘৃণা থেকে ওই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে শহরের চানমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে, জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ ও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেন বিএনপিপন্থী। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়া হচ্ছে।

টিএ/

মন্তব্য করুন