শাওনের পর ডিবি হেফাজতে অভিনেত্রী সাবা
ছবি: সংগৃহীত
০১:২৫ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
ডিবি হেফাজতে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। ‘জিজ্ঞাসাবাদের জন্য’ তাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক এই তথ্য নিশ্চিত করেন। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে তা বলেননি তিনি।
এর আগে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের তথ্য দেয় ডিবি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
শেখ হাসিনার বক্তব্য ও বিভিন্ন সময় শাওনের ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি বিকেলে মিছিল করে বিক্ষুব্ধ জনতা। নরুন্দি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে অভিনেত্রী মেহের আফরোহ শাওনের বাবার বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করা হয়।
অভিনেত্রী শাওন জনপ্রিয় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং মোহাম্মদ আলী ও তহুরা আলী দম্পতির দুই সন্তানের মধ্যে বড়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্য দিকে তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
এদিকে অভিনেত্রী সোহানা সাবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের 'দমন-পীড়নের পক্ষে' অবস্থান নিয়ে আলোচনায় আসেন। আন্দোলন চলাকালীন সময়ে সোহানা সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন বলে অভিযোগ ওঠে।
টিএ/