© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজে কেন শিশুদের নিষিদ্ধ করল সৌদি আরব?

শেয়ার করুন:
হজে কেন শিশুদের নিষিদ্ধ করল সৌদি আরব?

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৪:৩৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
এবার হজে শিশুদের নিষিদ্ধ করল সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রনালয়ের এমন ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে আরব বিশ্বে। তবে সৌদি সরকার জানিয়েছে, ২০২৫ হজ মৌসুমে শিশুদের সঙ্গে না আনার সিদ্ধান্তে অটল থাকবে তারা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। হুট করে কেন এমন অবিশ্বাস্য সিদ্ধান্ত এলো সে বিষয়েও সাফ বার্তা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবছর তীব্র ভিড়ের কারণে শিশুদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। সেই ঝুঁকি এড়াতে এবং শিশুদের সুস্থতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। হজযাত্রার সময় শিশুরা যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয়, সে লক্ষ্যেই বিতর্কিত সিদ্ধান্ত নিলেন তারা।

গেল হজে তীব্র গরমে, ভিড়ের মাঝে অসংখ্য শিশু হজযাত্রী অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয় হজযাত্রীদের মাঝে। এ বিষয়ে হজে সৌদি সরকারের অব্যবস্থাপনাকেও দায়ী করেন অনেকে। সৌদি কর্মকর্তারা বলছেন, অনেক ক্ষেত্রেই ছোট শিশু সঙ্গে থাকায় তাদের নিরাপত্তা ও দেখভাল করতে গিয়ে ইবাদতে পূর্ণ মনোযোগ দিতে ব্যর্থ হন অনেক মুসল্লি। কাজেই সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে আসন্ন হজে শিশুদের সঙ্গে না আনার অনুরোধ জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছর হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা আগে কখনও হজ পালন করেননি তারা অগ্রাধিকার পাবেন। হজ নিবন্ধন প্রক্রিয়া নুসুক অ্যাপ এবং সৌদি সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। সৌদি সরকারের নির্ধারিত নিয়ম অনুসারে নিবন্ধন সম্পন্ন করলেই হজ পালনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

টিএ/

মন্তব্য করুন