© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-ভারত একে অন্যকে ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত একে অন্যকে ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৪:৫০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ-ভারত একে অন্যকে ছাড়া অচল। এমন মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। চলমান কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনাকে পাশ কাটিয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলো খুব শিগগিরই ফের সচল হবে বলেও আশা করেন তিনি।

৭ ফেব্রুয়ারি আগরতলায় এক সংবাদ সম্মেলনে মানিক সাহা বলেন, দিল্লি এরইমধ্যে ঢাকার জন্য বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছে। দুই দেশের যোগাযোগ ও বাণিজ্য সহায়তায় নির্মাণ করা হয়েছে মৈত্রী সেতু। আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ রয়েছে। দুই দেশ একে অপরের প্রতি সহনশীলতা দেখালে শিগগিরই এই রেল যোগাযোগ চালু হবে বলেও আশা করেন এই মুখ্যমন্ত্রী।

তিনি জানান, বাণিজ্য ও পর্যটনের প্রসারের লক্ষ্যে ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বাংলাদেশের সঙ্গে আরও সংযুক্ত করতে চাইছে। মানিক সাহার মতে, এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে, উপকৃত হবে দুই দেশের মানুষ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল অর্থনৈতিক নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবেও গভীর। বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না এবং ভারতও বাংলাদেশকে ছাড়া চলতে পারবে না।’ তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সব প্রকল্প ফের সচল হবে বলেও আশা করেন তিনি।

টিএ/

মন্তব্য করুন