বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিকে সতর্ক করলেন শশী থারুর
ছবি: সংগৃহীত
১১:০৫ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিকে সতর্ক করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। বলেছেন বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসলে তা ভারতের জন্য ঝুঁকির কারণ হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শত্রুভাবাপন্ন মনে করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। ভারতের উচিত না সরাসরি বা গোপণে এমন কিছু করা যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায়। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এসব জানান তিনি।
শশী থারুর মনে করেন ভারত কোনও নির্দিষ্ট দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের নিয়ে উদ্বিগ্ন নয়, বরং বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এমন ইঙ্গিত দেওয়া উচিত নয়াদিল্লির। তিনি আরো বলেন, ”বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে। কারণ আমাদের ঠিক পাশের দরজায় তারা।”
এদিকে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনাকে দেওয়া ভারতের আতিথেয়তা ও আশ্রয়ের ঘটনায় সমর্থন জানিয়েছেন শশী থারুর। তিনি বলেন, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তিনি এও স্বীকার করেছেন শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে।
টিএ/