পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত
ছবি :সংগৃহীত
০৩:৩৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম হারনাই জেলায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে বিস্ফোরণে শ্রমিক বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি এএফপিকে জানান, হারনাই জেলায় এই বোমা বিস্ফোরণ হয় এবং এতে ১০ জন খনি শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একই জেলার আরেকজন সিনিয়র সরকারি কর্মকর্তা সেলিম তারিন এএফপিকে বলেন, ‘শ্রমিকরা কাজের জায়গা থেকে বাজারে কেনাকাটার জন্য যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের গাড়িটি আক্রমণের শিকার হয়’।
তিনি আরো বলেন, এটি ছিল ‘একটি আইইডি বিস্ফোরণ।আমরা হামলার তদন্ত করছি।’
হারনাই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার (১০৪ মাইল) দূরে অবস্থিত একটি জেলা।
কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।তবে, বেলুচ লিবারেশন আর্মি প্রায়শই অন্যান্য প্রদেশের নিরাপত্তা বাহিনী বা পাকিস্তানিদের, বিশেষ করে বেলুচিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে মারাত্মক হামলার দাবি করে।