© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউএসএআইডি’র অর্থায়ন স্থগিতাদেশ আটকে দিল আদালত

শেয়ার করুন:
ইউএসএআইডি’র অর্থায়ন স্থগিতাদেশ আটকে দিল আদালত

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০১:১৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
আরও একবার ট্রাম্পকে আটকে দিল ফেডারেল আদালত। পাঁচদিনের মধ্যে ইউএসএআইডির অর্থায়ন চালু করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন বিচারক আমীর আলী। ফলে দাতব্য সংস্থাটির সব অংশীদার ফের বিশ্বজুড়ে তাদের প্রকল্প চালু করতে পারবে।

স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জনগণের অর্থে পরিচালিত দাতব্য সংস্থা ইউএসএআইডি’র তহবিলের ওপর ডোনাল্ড ট্রাম্পের স্থগিতাদেশ সাময়িকভাবে তুলে নেয়ার রায় দেন আমীর আলী।

রায়ে জানান, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ইউএসএআইডি’র সব অর্থায়ন বন্ধের কারণে বিশ্বজুড়ে সহায়তা সংস্থা ও সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী উল্লেখ করে বিচারক বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেয়ার আগে যেসব বৈদেশিক সহায়তা অনুমোদিত হয়ে গেছে, সেসব আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।
 
আদালত আরও জানায়, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে ট্রাম্প প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। কাজেই বিশ্বজুড়ে মানবিক সহায়তা অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসন সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে জানাতে বাধ্য থাকবে।

শুধু তাই নয়, পাঁচ দিনের মধ্যে সংস্থাটির কাজে অগ্রগতির প্রমাণ দিতে হবে। সেই সঙ্গে, ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতেও ট্রাম্প প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডনাল্ড ট্রাম্প। সেদিনই একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য দেশটির বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন তিনি। আচমকা ইউএসএআইডির অর্থায়ন বন্ধের ফলে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে। চলমান অসংখ্য প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়। যার মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য পাঠানো মানবিক সহায়তাও ছিল।

মন্তব্য করুন