ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে ‘উদ্বেগ’ তুলে ধরেছেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত
০১:৫২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাস্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবার বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে উদ্বেগ জানালেন নরেন্দ্র মোদী। নিজের উদ্বেগ তুলে ধরে, বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কীভাবে দেখছে সে বিষয়টিও ট্রাম্পকে ব্যাখ্যা করেন তিনি। এমন তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। যে বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়েও নানা আলোচনা হয়। বিক্রম মিশ্রি জানান বৈঠকে ভারতের আলোচি বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিলো বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি।
দ্বিপাক্ষিক আলোচনা শেষে ট্রাম্প- মোদির যৌথ সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। যার একটি খন্ডিত ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে উপস্থিত সাংবাদিক বাংলাদেশের সরকার পরিবর্তন ও এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তবে, নিজের দেশের সম্পৃক্ততা অস্বীকার করে ট্রাম্প প্রশ্নটি ঘুরিয়ে দেন নরেন্দ্র মোদির দিকে। এমন অবস্থা মোদিরও বাংলাদেশ প্রসঙ্গটি সম্পুর্ন এড়িয়ে যান।
তবে, এই দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্রসচিব। যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে তাঁর মতামত, বস্তুত তাঁর উদ্বেগগুলো তুলে ধরেছেন। ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে, তা–ও উল্লেখ করেছেন মোদি।'
ভারতের পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব।’ তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।