© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদানির প্রসঙ্গ উঠতেই অস্বস্তিতে মোদি

শেয়ার করুন:
আদানির প্রসঙ্গ উঠতেই অস্বস্তিতে মোদি

ছবি :সংগৃহীত

সাদমান রাফিদ
১১:৪৭ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
গৌতম আদানি প্রসঙ্গ উঠতেই যেন অস্বস্তিতে পড়লেন নরেন্দ্র মোদি। প্রশ্ন উঠতেই ব্যক্তিগত বিষয় বলে কৌশলে এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী।

ভারতে বহুবার আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। বিরোধীরা বহুবার প্রশ্ন তুলেছেন, কেন মোদির বিদেশ সফরে আদানি প্রায়ই উপস্থিত থাকেন? কেন তাঁর সফরের পরই আদানির সংস্থা বিভিন্ন দেশে বড় বড় প্রকল্পের বরাদ্দ পায়?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ ছিলো, তিনি ভারতে সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি ডলার ঘুষ দিয়ে সৌর বিদ্যুতের বরাদ্দ পেয়েছেন এবং সেই তথ্য গোপন করে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এক মার্কিন সাংবাদিক জানতে চান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে আদানি ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। মোদি সরাসরি উত্তর না দিয়ে বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে এই ধরনের ব্যক্তিগত বিষয় আলোচনা হয় না। তবে প্রশ্ন শুনে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন।

এদিকে ভারতে মোদির এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন দলের নেতা কর্মীরা তাকে নিয়ে নানা রকম মন্তব্য করেছেন। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, আমেরিকায় গিয়ে আদানির দুর্নীতি ধামাচাপা দিয়েছেন মোদি। এদিকে আম আদমি পার্টির মতে, মোদি আদানিকে ব্যক্তিগত বিষয় বলেই স্বীকার করে নিলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা সাকেত গোখলে জানিয়েছেন, এই কারণেই মোদি দেশে সংবাদ সম্মেলন করেন না।

মন্তব্য করুন