ফের হাতকড়া-শেকল পড়িয়ে অবৈধ ভারতীয়দের ফেরত দিলেন ট্রাম্প, নিন্দার ঝড়
ছবিঃ সংগৃহীত
০৭:১৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্র সফরে গিয়েও ট্রাম্পের মন গলাতে পারেননি মোদী। এক প্লেনে তিনি দিল্লি ফিরেছেন, অন্য প্লেনে ফিরেছেন অবৈধ অভিবাসীরা। এবারও সে অভিবাসীদের হাতে ছিল হাতকড়া আর পায়ে শেকল।
যুক্তরাষ্ট্র ফেরত এই অভবাসীদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আচরণই বলে দিচ্ছে অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতির একটুও নড়চড় হয়নি। তারই ফলাফল দিল্লির সামনে, দফায় দফায় প্লেনভর্তি যুক্তরাষ্ট্রের পাঠানো অভিবাসী।
দুদিনের ওয়াশিংটন সফর শেষে ১৪ ফেব্রুয়ারি দিল্লি ফিরেছেন নরেন্দ্র মোদী। সফরকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কসহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকের অন্যতম আলোচ্য ইস্যু ছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন।
নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবে তার সরকার। নথি-বিহীন ভারতীয় অভিবাসীদের সঙ্গে নমনীয় হতেও ট্রাম্প প্রশাসনকে অনুরোধ করেন মোদী।
এর আগে, প্রথম দফায় শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে হাত-পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। কোনো বেসরকারি বিমানে নয়, অভিবাসীদের অপরাধীর মতো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন।
তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের রাজনৈতিক মহল। সংসদে দাবি উঠেছিল, ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বৈঠকে নরেন্দ্র মোদী যেন ট্রাম্পের কাছে ভারতীয় অভিবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার দাবি জানান।
কিন্তু সেই দাবিতে বুড়ো আঙুল দেখিয়ে ১৫ ফেব্রুয়ারি আরও ১১৯ জন ভারতীয়কে একইভাবে হাতকড়া আর শেকল পরিয়ে সামরিক বিমানে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বিমানটি রাত ১০টার দিকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে।
সে অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, তিনজন উত্তর প্রদেশের, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে দুজন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে আছেন একজন করে। ১৬ ফেব্রুয়ারি আরও কয়েকজন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানোর কথা রয়েছে।