© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার সপ্তাহ পর মোকাব্বিরকে কারণ দর্শানোর নোটিশ

শেয়ার করুন:
চার সপ্তাহ পর মোকাব্বিরকে কারণ দর্শানোর নোটিশ
own-reporter
০১:৫১ পিএম | ২৮ এপ্রিল, ২০১৯

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয়ায় সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গণফোরাম। শপথ নেয়ার ২৫ দিন পর এই নোটিশ দেয়া হয়েছে।

শনিবার দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মণ্টুর স্বাক্ষরিত এক চিঠিতে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে এ নোটিশ দেয়া হয়। তাকে ১০ দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে মোকাব্বির খান ‘সম্পূর্ণ অনৈতিক, পার্টির গঠনতন্ত্রবিরোধী এবং পার্টির সিদ্ধান্তের পরিপন্থী’ কাজ করেছেন। এছাড়া দলের সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া পার্টির প্যাড ব্যবহার করে নিজে স্বাক্ষর দিয়ে ১ এপ্রিল স্পিকারকে চিঠি দিয়ে শপথ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন মোকাব্বির খান, সেটাও পার্টির ‘শৃঙ্খলা পরিপন্থী’ কাজ বলে মনে করছে গণফোরাম।

এ দুটি অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- তা ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে মোকাব্বির খানকে।

এর আগে ২০ এপ্রিল দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই নোটিসের সিদ্ধান্ত হয়। ২৬ এপ্রিল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিল হয়। সেখানে মোকাব্বির খানের যোগ দেওয়ায় দলীয় নেতাকর্মীসহ অনেকের সমালোচনার মুখে পড়ে ড. কামাল হোসেনের দল গণফোরাম। তাই দলের অভ্যন্তরীণ সমস্যা ঠেকাতেই সিদ্ধান্ত গ্রহণের সাত দিন পর তাকে নোটিশ দেওয়া হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি ও গণফোরামসহ কয়েকটি দল নিয়ে গঠিত জোট ঐক্যফ্রন্ট। কিন্তু ২ এপ্রিল দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন মোকাব্বির খান।

এর আগে গণফোরাম থেকে অংশ নিয়ে নির্বাচিত হয়ে শপথ নেন সুলতান মনসুর। দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে শপথ নেয়া তাকে দর থেকে বহিষ্কার করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন