একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপন
ছবি : সংগৃহীত
০৭:৫০ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর ১২টা ১৩ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রাষ্ট্রপতি রাত ১২টায় এবং প্রধান উপদেষ্টা রাত ১২টা ১০ মিনিটে শহীদ মিনারে আগমন করেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, একুশে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান, সদস্যসচিব সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, উপউপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, উপউপাচার্য সাইমা হক বিদিশা।
রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে উপদেষ্টা পরিষদের সকল সদস্য পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপদেষ্টাদের পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, হাইকমিশনারেরা পুষ্প অর্পণ করেন।
তারপর প্রধান নির্বাচন কর্মিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনীর, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধানগন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।