© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নব্বইয়ের শেষে যারা জন্মেছে, তারা ‘খিচুড়ি’ভাষার মধ্যে বড় হয়েছে

শেয়ার করুন:
নব্বইয়ের শেষে যারা জন্মেছে, তারা ‘খিচুড়ি’ভাষার মধ্যে বড় হয়েছে

ছবি:সংগৃহীত

শারলিন
০৭:৫২ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
এখনকার প্রজন্ম ‘খিচুড়ি’ ভাষার মধ্যে বড় হয়েছে এমনটাই ভাবছেন পরমব্রত । মাতৃভাষার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করার পাশাপাশি বর্তমান প্রজন্মের ভাষা ব্যবহারের পরিবর্তন নিয়ে কিছুটা উদ্বেগও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের মতো ওপার বাংলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ভাষা ও সংস্কৃতি নিয়ে নানা আলোচনা হয়ে থাকে। এবারের মাতৃভাষা দিবসে টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

পরমব্রত মনে করেন, কেবল বাংলা নয়, প্রযুক্তির অগ্রগতির কারণে বিশ্বের প্রায় সব আঞ্চলিক ভাষাই এখন সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, ‘প্রতিনিয়ত নতুন মাধ্যম তৈরি হচ্ছে, যার ফলে একাধিক ভাষা মিশিয়ে কথা বলার প্রবণতা বেড়েছে। এ কারণেই মাতৃভাষার বিশুদ্ধ চর্চা কমে যাচ্ছে।’ তবে তিনি এটাও মনে করেন না যে বাংলা ভাষা পুরোপুরি হারিয়ে যাওয়ার পথে।

পরমব্রত বলেন, ‘মাতৃভাষা নিয়ে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে আমার। মাতৃভাষা সঠিক ভাবে বলতে না পারলে অন্য কোনো ভাষাই শেখা সম্ভব নয়। তবে বাংলা ভাষার সামনে বিরাট সংকট, এমনটাও আমি মনে করি না। কেউই আর বাংলা ভাষা শিখছে না, এমনও নয়। যদিও এটা সত্যি, আমাদের প্রজন্মের পরে অর্থাৎ ৯০-এর দশকে বা ৯০-এর দশকের শেষের দিক থেকে যারা জন্মেছে, তারা প্রবল ভাবে ‘খিচুড়ি’ ভাষার মধ্যে বড় হয়েছে।’

নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘জাতিকে চিহ্নিত করার সবচেয়ে বড় নির্ধারক হল ভাষা। নিজের মাতৃভাষাটা তাই জানা জরুরি। পশ্চিমবঙ্গের বাইরে থাকলে আমি স্বতঃস্ফূর্ত ভাবে হিন্দি ও ইংরেজিতে কথা বলি। কিন্তু নিজের ভাষাটাও আমি জানি।

ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের বাংলা শেখানো। আমি ও পিয়া আমাদের সন্তানকে প্রথম থেকেই বাংলা শেখানোর ব্যাপারে যত্নশীল হবো। পাশাপাশি, সে যেন আন্তর্জাতিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় ভাষাগুলোও শেখে। তবে নিজের ভাষার প্রতি ভালোবাসা কখনও কমবে না। আমাদের সন্তানও যেন এই ভারসাম্য বজায় রেখে বেড়ে ওঠে, সেটাই চাই।’

মন্তব্য করুন