© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

শেয়ার করুন:
সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
শোবিজ অঙ্গনে চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন নিয়ে নতুন আলোচনা চলছে। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা-কল্পনা উড়ছে।

পরীমণি ও সাদী একে অপরকে ইঙ্গিত করে নিয়মিত ফেসবুক পোস্ট দিচ্ছেন, শেয়ার করছেন একে অন্যের পোস্ট, আর সেখানেও চলছে দুষ্টুমিতে ভরা খুনসুটি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হচ্ছে।

তবে সত্যিই কি শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরীমণি? অভিনেত্রীর দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, বরং পারিবারিক সম্পর্ক রয়েছে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরীমণি আবারও তাদের সম্পর্কের ব্যাখ্যা দিয়েছেন এবং সাদীকে নিজের জীবনের জন্য ‘আশীর্বাদ’ হিসেবে উল্লেখ করেছেন।

পরীমণি বলেন, "সাদী আমার জীবনে একটা জাদুর মতো! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনের খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। সাদী আমার কাছে ঠিক তেমনই।"

সাদী প্রসঙ্গে পরীমণি এ–ও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

অন্যদিকে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শেখ সাদী বলেছেন,‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।’

এর আগে গেল সোমবার প্রকাশ পেয়েছে শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’। গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’ এরপর পরীমণির সেই পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন সাদী। সেই মন্তব্যের জবাবে পরীমণি বলেন, ‘লাল লাগবে আমার।’ মানে, সাদা লাভ ইমোজির পরিবর্তে লাল রঙেরটাই ব্যবহার করতে বলেছেন তিনি। 

মন্তব্য করুন