নিষেধের পরও ফাঁস হলো মেহজাবীনের গায়েহলুদের ছবি
ছবি:সংগৃহীত
০২:৪৮ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের বিয়ে আজ। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় তার গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য কঠোর নির্দেশনা ছিল—কোনো ছবি তোলা বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না। মাইকে বার বার ঘোষণাও করা সত্ত্বেও শেষ পর্যন্ত মেহজাবীনের গায়েহলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে।
জানা যাচ্ছে, আমন্ত্রিত অতিথিদের যাঁরাই অনুষ্ঠানে ছিলেন, তাঁদের কেউই কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। তবে এত কড়াকড়িতেও শেষরক্ষা হয়নি।
এই ফাঁস হওয়া ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবের সঙ্গে। দুজনের মুখে ছিল উজ্জ্বল হাসি, যা অনুষ্ঠানের আনন্দময় পরিবেশের ইঙ্গিত দেয়। ছবিতে তাদের পেছনে একটি বাদ্যযন্ত্রী দলকেও দেখা গেছে, যারা সম্ভবত সঙ্গীত পরিবেশন করছিলেন।
মেহজাবীন সোমবার বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে রোববার ছিল অভিনেত্রীর গায়েহলু্দের অনুষ্ঠান। ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে আয়োজন। আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন দীর্ঘদিন ধরেই। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের বিভিন্ন ছবি পোস্ট করতেন তারা। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।