দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাচন দরকার : ব্যারিস্টার ফুয়াদ
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, স্থানীয় সরকার ভেঙে দিয়ে সরকার ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ে আমলাদের দায়িত্ব দিয়েছে, যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তিনি মনে করেন, শুধু কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত স্থানীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কার্যকর সংযোগ পুনঃস্থাপন না হয়। তাই তিনি রাজনৈতিক অংশীজনদের পরামর্শ ও ঐকমত্যের ভিত্তিতে উপজেলা নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, উপজেলা নির্বাচনের মধ্যদিয়ে প্রমাণ হবে, সুষ্ঠু নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশন, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা কতটুকু। তখন আমরা স্থানীয় সরকার নির্বাচনের ভুলগুলো সমাধান করে কীভাবে সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দেওয়া যায় সেই পদ্ধতি জানতে পারব।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, নাগরিক সেবা নিশ্চিতে আমাদের আরেক পরামর্শ হচ্ছে- রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের সাবেক চেয়ারম্যান, কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া। তাদের প্রশাসক হিসেবে পুনর্বহাল করা যেতে পারে। বাকি জায়গাগুলোতে নাগরিক সমন্বয় কমিটি করে দিয়ে দেন।
বরিশাল প্রসঙ্গে ফুয়াদ বলেন, বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর ২৬ শতাংশ বরিশালে বাস করে। অথচ শিক্ষায় বরিশাল অন্যান্য বিভাগের চেয়ে অনেক উপরে। বরিশালের ছেলেমেয়েরা শিক্ষায় ভালো করছে, অথচ পেশায় এবং কর্মস্থানে খারাপ করছে কেন? তাই সরকারকে আহ্বান জানাচ্ছি বরিশালকে ধান নদী খালের দেশে ফিরিয়ে নিয়ে আসতে। আবার বরিশালের জমিতে তিন ফসল হবে, কৃষকদের ঋণ দেওয়াসহ তাদের গ্রেপ্তার করা বন্ধ করতে হবে।
বরিশাল প্রসঙ্গে তিনি আরও বলেন, বরিশাল, কক্সবাজার-ভোলাকে ঘিরে পর্যটন কেন্দ্র করা দরকার। এছাড়া বেকারত্ব দূরীকরণে বরিশাল শিল্প এলাকাকে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত করতে হবে। এছাড়া ভোলার গ্যাস থেকে আয়ের ত্রিশ শতাংশ দিয়ে ভোলাসহ বরিশাল বিভাগে পরিকল্পিতভাবে ব্যয় করতে হবে। ঢাকা-বরিশাল মহাসড়ককে দুর্ঘটনা এড়াতে ন্যূনতম তিন-চার লেনের সড়ক দরকার। এছাড়া বরিশালের অভ্যন্তরের জেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার আহ্বান জানান তিনি।