© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঠান ২’-এর চিত্রনাট্য প্রস্তুত

শেয়ার করুন:
পাঠান ২’-এর চিত্রনাট্য প্রস্তুত
মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চার বছরের বিরতি কাটিয়ে ‘পাঠান’ দিয়ে দারুণ এক প্রত্যাবর্তন ঘটেছিল শাহরুখ খানের। রুপালি পর্দায় তার কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সিনেমা হল! তখন থেকেই শুরু হয়েছে প্রতীক্ষা।

কবে আসছে ‘পাঠান ২’? অবশেষে জানা গেছে, চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই ছবিটি শুটিং ফ্লোরে যাওয়ার কথা।

জানা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে। কেন এত দেরি?
সূত্রের দাবি, সিক্যুয়ালটিকে নিছকই একটি সিক্যুয়াল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র।

তার লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরো রঙিন করে তোলা।

প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন ছবিটি নিয়ে। তিনি চান, প্রথম ছবিটিকেও টেক্কা দিতে।

তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে সব কিছুতে আদিত্য যোগাযোগ রেখে গেছেন এসআরকের সঙ্গে। শাহরুখ নাকি ছবির চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত।

কিন্তু চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও এখনো ঠিক হয়নি ছবি পরিচালনা কে করবেন। ‘পাঠান’-এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ।

তিনি এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে।

তাহলে ‘পাঠান ২’-তে কে হবেন পরিচালক? আপাতত দুটি নাম সামনে রয়েছে। একজন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ ছবিটি নাকি তিনি দারুণ পরিচালনা করেছেন। অন্যজন খোদ আদিত্য। তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কি না, সেটা নিয়েও আলোচনা চলছে।

২০২৫ সালের আগস্টে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। অতিথি শিল্পীর ভূমিকায় এসআরকে-কে দেখতে যে দর্শকরা উদগ্রীব থাকবেন তা বলাই যায়।
তবে আসল অপেক্ষা থাকবে ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে। ‘রোম্যান্সের রাজা’ নিজেকে অ্যাকশন হিরো হিসেবে ক্রমেই প্রতিষ্ঠা করে চলেছেন। আগামী ছবি দুটির সাফল্য সেই ইমেজকেই আরও শক্তিশালী করে তুলবে।

মন্তব্য করুন