কম বাজেটেও দ্বিগুণের বেশি আয় করেছিল যেসব সিনেমা
ছবি: সংগৃহীত
১১:১৩ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
বড় বাজেট মানেই কি বক্স অফিসে সুপারহিট? নাকি গল্পের জাদু, অভিনয়ের শক্তি আর নির্মাণের কারিগরিতেই লুকিয়ে থাকে আসল সাফল্য? বলিউডের ইতিহাস বলছে—অবিশ্বাস্যভাবে ছোট বাজেটের সিনেমাও কখনো কখনো বক্স অফিসে রেকর্ড গড়ে সবাইকে চমকে দিয়েছে! গত কয়েক বছরে এমন কিছু হিন্দি সিনেমা এসেছে, যেগুলো বিশাল বিনিয়োগ ছাড়াই দর্শকদের হৃদয় জয় করে কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস! সাফল্যের নির্দিষ্ট কোনো ব্যাকরণ নেই, তবে একটাই সত্য—একটি অসাধারণ গল্প, প্রাণবন্ত অভিনয় আর দুর্দান্ত নির্মাণ যে কোনোদিনও বাজেটের চেয়েও বড় হয়ে উঠতে পারে!
২০১৯ সালে মুক্তি পায় আদিত্য ধরের সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ভিকি কৌশলের ছবিটি ২৫ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল। ভারতে ২৯৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছিল।
অমিত রবীন্দ্রনাথ শর্মার ‘বাধাই হো’ ব্যাপক সাফল্য পায়। পারিবারিক গল্প নিয়ে নির্মিত কমেডি সিনেমাটিতে ছিলেন আয়ুষ্মান খুরানা ও সানিয়া মালহোত্রা। ২৩ কোটি রুপিতে নির্মিত ছবিটি শুধু ভারতেই ১৭৬ কোটি রুপি আয় করেছিল।
অমর কৌশিকের ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজি এখন সাফল্য পেলেও শুরুতে সিনেমাটি নিয়ে খুব একটা আশা দেখেননি সমালোচকেরা। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের সিনেমাটি মাত্র ১৪ কোটি রুপিতে তৈরি হয়েছিল, ছবিটি ১৬৭ কোটি রুপি আয় করেছিল।
মেঘনা গুলজারের ‘রাজি’ সমালোচক থেকে দর্শক সবাই পছন্দ করেছিলেন। আলিয়া ভাট, ভিকি কৌশল অভিনীত সিনেমাটি তৈরি হয় মাত্র ৩৮ কোটি রুপিতে, ব্যবসা করে ১৫৮ কোটি রুপির বেশি।
শ্রীরাম রাঘবনের ‘আন্ধাধুন’ সিনেমাটিও দর্শক-সমালোচক সবাই পছন্দ করেছিলেন। আয়ুষ্মান খুরানা, টাবু, রাধিকা আপ্তে অভিনীত থ্রিলারটির বাজেট ছিল ৩০ কোটি রুপি। ছবিটি মুক্তির পর ৯৬ কোটি রুপি এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৪৪ কোটি রুপি আয় করে।
ইরফান খান অভিনীত, সকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ তৈরি হয়েছিল ২৩ কোটি রুপিতে। ছবিটি ভারতে আয় করে ১০০ কোটি রুপি।
অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিংক’ সিনেমাটি নিয়ে তাপসী পান্নুর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। মাত্র ২৩ কোটি রুপির ছবিটি ভারতে ৮৮ কোটি আয় করে।
আমির খান, জায়রা ওয়াসিম অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। অদ্বৈত চন্দনের সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল। মুক্তির পর ছবিটি ভারতে ৮১ কোটি রুপি, বিদেশে ৮৩১ দশমিক ৪৭ কোটি রুপি আয় করেছে।
এবার আসা যাক বিধু বিনোদ চোপড়ার বহুল চর্চিত ‘টুয়েলভথ ফেল’ প্রসঙ্গে। বিক্রান্ত ম্যাসি অভিনীত সিনেমাটি তৈরি হয় মাত্র ২০ কোটি রুপিতে। পরে ছবিটি বক্স অফিসে ৬৬ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছিল।
সুজিত সরকারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি ‘ভিকি ডোনার’। এ ছবি দিয়েই বলিউড ক্যারিয়ার শুরু করেন ইয়ামি গৌতম ও আয়ুষ্মান ঘুরানা। মাত্র ১০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর ৫০ কোটি রুপি আয় করেছিল।