প্রথম রোজায় আবহাওয়া অফিসের বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি:সংগৃহীত
০৭:৩৮ পিএম | ০১ মার্চ, ২০২৫
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আগামীকাল দেশের কয়েকটি বিভাগে হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসাথে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করাও হয়েছে।
আগামীকাল রবিবারের ( ২ মার্চ) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
পরদিন সোমবার আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।