আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
ছবি : সংগৃহীত
১০:৩২ পিএম | ০১ মার্চ, ২০২৫
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, যিনি ধারাবাহিক সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন, এবার তার ধর্মীয় বিশ্বাস ও সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল উদাহরণ দিলেন।
সৌমিতৃষা যে কৃষ্ণভক্ত, তা জানা যায়। তবে তার ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি, তিনি সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেন। সম্প্রতি এক মন্তব্যে তিনি জানিয়েছেন, "আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয়", যা তার ধর্মীয় সম্মান ও আন্তঃধর্মীয় শ্রদ্ধার পরিচয়।
শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তার এক মুসলিম ভক্ত লেখেন, ‘যদিও আমি একজন মুসলিম। তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভালো ও সুস্থ রাখেন।’
ভক্তের সেই মন্তব্যের উত্তরে সৌমিতৃষা লেখেন, ‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়।’
সৌমিতৃষার এই মন্তব্য মন জিতেছে সকলের। বাংলাদেশেও তার ভক্তসংখ্যা কম নয়। তারাও অভিনেত্রীর ভাবনার প্রশংসা করেছেন। সৌমিতৃষা যে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল, সে প্রমাণই মিলেছে এই বক্তব্যে।
এর আগেও সৌমিতৃষার মন্তব্য শোনা গেছে বাংলাদেশ বন্দনা। এমনকি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করারও আগ্রহ দেখিয়েছেন তিনি।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৌমিতৃষা কুন্ডুর ছবি ‘১০ই জুন’। যেখানে তার বিপরীতে রয়েছেন সৌরভ দাস। যদিও এই সিনেমার প্রচার থেকে প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্যের কারণে নিজেকে সরিয়ে নেন সৌমিতৃষা। এই মুহূর্তে কালরাত্রি ২-র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।