কবে সন্তানের বাবা-মা হচ্ছেন রাহুল-আথিয়া, জানালেন সুনীল শেট্টি
ছবিঃ সংগৃহীত
০১:৪৫ এএম | ০২ মার্চ, ২০২৫
ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি শিগগিরই প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন। গুঞ্জন ছিল, জানুয়ারি মাসেই তাদের সন্তান জন্ম নেবে, কিন্তু মার্চ গড়িয়ে গেলেও সেই সুখবর আসেনি। অবশেষে এই বিষয়ে নিশ্চিত করলেন আথিয়ার বাবা, অভিনেতা সুনীল শেট্টি।
সম্প্রতি চন্দা কোচারের পডকাস্টে এসে তিনি জানান, খুব শিগগিরই দাদু হতে চলেছেন, যা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সুনীল বলেন, “এখন সারাক্ষণ আমাদের নাতিকে নিয়েই কথাবার্তা হয়। এপ্রিলে কবে আমরা বাচ্চার মুখ দেখব, তারই দিন গুনছি।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট, এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া শেট্টি।
তবে সেই সময় আইপিএল চলবে এবং দিল্লির জার্সি গায়ে খেলায় ব্যস্ত থাকবেন কেএল রাহুল। সন্তানের জন্মের সময় তিনি ছুটি নেবেন কি না, তা এখনো জানা যায়নি।
হবু মা আথিয়ার প্রসঙ্গে সুনীল শেট্টি আরও বলেন, “গর্ভাবস্থায় নারীদের সবচেয়ে সুন্দর লাগে, আথিয়াকে এখন দারুণ দেখাচ্ছে।”
রাহুল ও আথিয়ার প্রেম শুরু হয় ২০১৯ সালে। তাদের প্রেমের নানা ছবি প্রকাশ্যে আসলেও, তারা কখনোই সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে ২০২৩ সালের ২৩ জানুয়ারি বিয়ে করেন তারা। এরপর, গত বছরের নভেম্বরে সুখবর জানান যে, তাদের পরিবারে নতুন অতিথি আসছে। এবার অপেক্ষা ‘পেরেন্টহুডের’ নতুন অধ্যায়ের।