অস্কারে অভিবাসীদের অবদান তুলে ধরলেন জো সালদানা
ছবিঃ সংগৃহীত
০৯:৫৩ এএম | ০৩ মার্চ, ২০২৫
অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অভিবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মান অর্জন করেন।
পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত সালদানা বলেন, ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত।’ মঞ্চে উঠে তিনি কাঁদতে কাঁদতে তার মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’ ছবির শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন।
সালদানা বলেন, “আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।”
তিনি আরও বলেন, “আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।”
অন্যান্য অস্কার বিজয়ী
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
সেরা অ্যানিমেশন (স্বল্পদৈর্ঘ্য): ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
সেরা ফিচার অ্যানিমেশন: ফ্লো
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য সাবস্ট্যান্স
সেরা কস্টিউম ডিজাইন: উইকড
সেরা অভিযোজিত চিত্রনাট্য: কনক্লেভ
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা
অস্কারের ৯৭তম আসর আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও, লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান