© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিকশাচালককে জুতাপেটা করা সেই কর্মকর্তা বরখাস্ত

শেয়ার করুন:
রিকশাচালককে জুতাপেটা করা সেই কর্মকর্তা বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ এএম | ০৪ মার্চ, ২০২৫
রিকশাচালককে জুতাপেটার ঘটনায় রাজশাহীর পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তার বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সচিব ড. মো. মহিউদ্দিন সই করেছেন। এই প্রজ্ঞাপন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রিকশাচালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ধরনের আচরণ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

আরও বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরির শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। জাহিদ হাসান বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

টনাটি গত ২ ফেব্রুয়ারি দুপুরের হলেও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এর একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একটি কোয়ার্টারের সামনে জাহিদ হাসান এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটাচ্ছেন। এরপর প্রাইভেট কারের ব্যাকডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করছেন। অশ্লীল ভাষায় গালাগাল করতেও শোনা যায় তাকে।



এস এস / এস এন

মন্তব্য করুন