© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের ৩ বছর পর শপথ গ্রহণ করলেন ইউপি চেয়ারম্যান

শেয়ার করুন:
ভোটের ৩ বছর পর শপথ গ্রহণ করলেন ইউপি চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ এএম | ০৪ মার্চ, ২০২৫
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর সোমবার (০৩ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইনজীবী শামছুল হুদা পান ৬ হাজার ১০০ ভোট।

পরে ভোট কারচুপির অভিযোগ এনে আবার গণনার জন্য রংপুর ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন শামছুল হুদা। আড়াই বছর পর গণনা শেষে ৪০২ ভোট বেশি পাওয়ায় তার পক্ষে রায় ঘোষণা করেন বিচারক। পরে হাইকোর্টে আপিল করেন শহীদ চৌধুরী দ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারি আদালত রিট পিটিশন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং শপথের অনুমতি দেন।

এর প্রেক্ষিতে স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সোমবার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হুদার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে শামছুল হুদা বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি খুশি। বড়বিল ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছেন। বিগত আওয়ামী সরকারের লোকজন তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। তিন বছর দুই মাস পর আজ শপথ গ্রহণ করলাম।’

এমআর/এসএন

মন্তব্য করুন