অ্যাটলির পছন্দ 'পুষ্পা রাজ', বাদ পড়লেন সালমান!
ছবি: সংগৃহীত
১১:৪৫ পিএম | ০৪ মার্চ, ২০২৫
শারুখের পর এবার সালমান খান অ্যাটলির সাথে জুটি বাঁধবেন এমন খবর চাউর হয়েছিল বলি পাড়ায়। ‘জাওয়ান’-এর মতোই আরেকটি ব্লকবাস্টার ঝড় আসতে চলেছে ভেবে আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরাও। তবে সে আশায় গুড়ে বালি।
অ্যাটলির মেগাবাজেট সিনেমা থেকে ছাঁটাই সালমান খান। পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের উপর ভরসা রেখেছেন পরিচালক।
সূত্রের খবর, ‘পুষ্পা ২’ তারকা মৌখিকভাবে সবুজ সংকেত দিলেও সইসাবুদ এখনও বাকি। শুটিং শিডিউল নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে পরিচালক-অভিনেতার। আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে পুরোদমে। কিন্তু আচমকাই কেন সালমান খানকে বাদ দিতে হল? জানা গিয়েছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনা করবে ডাকসাইটে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। যারা এই পিরিয়ড ড্রামার জন্য ৬০০ কোটির বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার তরফ থেকেই আপত্তি উঠেছে বলে খবর। প্রযোজক নাকি সলমনের উপর মেগাবাজেট সিনেমার ভার ছাড়তে নারাজ। সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এহেন মতামত তাঁদের! আর সেই জন্যই ‘পুষ্পা’কে বেছে নিয়েছেন তাঁরা। যে আল্লু অর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দৌলতে একাই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে ৩০০০ কোটির ব্যবসা দিয়েছিল।
চব্বিশ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান। বিগ বাজেট সিনেমার স্টারকাস্টে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও মিলেছিল তখন। ভারতীয় বিনোদুনিয়ার দুই তাবড় মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গিয়েছে। তবে সালমান না থাকলেও দক্ষিণের দুই তাবড় তারকাকে দেখা যাবে সিনেমায়। প্রসঙ্গত, ‘জাওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শাণ দিতে ব্যস্ত পরিচালক। ২০২৫ সালের গ্রীষ্মকালে কাজ শুরু হওয়ার কথা।
এফপি