© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:
রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ০৫ মার্চ, ২০২৫
রাজধানীর রামপুরা থানার মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় মো. পলাশ মোল্লা (৪২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চৌধুরীপাড়া শহিদী মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী সৈয়দ জুলফিকার বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ভিক্টর পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে লোকজন তাঁকে উদ্ধার করে একটি স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পলাশ মোল্লার ভাতিজা রেজওয়ান জানান, পলাশ মোল্লার মতিঝিলে ‘বিনিময় মানি একচেঞ্জ’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি ওই প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
পলাশ নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহ হাটি গ্রামের মৃত আক্তার মোল্লাহর ছেলে।

বর্তমানে পরিবার নিয়ে ঢাকার দক্ষিণ বনশ্রীতে থাকতেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’

এসএম/টিএ

মন্তব্য করুন