কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার
ছবি:সংগৃহীত
০৯:২১ এএম | ০৫ মার্চ, ২০২৫
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির কর্মীসভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।
বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই বিএনপি নেতা। আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ-মাধ্যমে আলোচনার ঝড় উঠে।
এসএম/টিএ