এবার ধুমপান বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী চমক
ছবি:সংগৃহীত
১১:১৯ এএম | ০৫ মার্চ, ২০২৫
সম্প্রতি প্রকাশ্যে ধূমপান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’
স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর একদল মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান।
রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের লোকজন জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বেশ উত্তপ্ত হয় সোশ্যাল মিডিয়া।
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারন মানুষের মাঝেও। ভিন্ন ভিন্ন মতামত জানাতে দেখা যাচ্ছে। এবার এ প্রসঙ্গে কথা বললেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’
অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন।
তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
এসএম/টিএ