এবার সোহমের নায়িকা ইধিকা পাল
ছবি : সংগৃহীত
১২:৩৬ এএম | ০৬ মার্চ, ২০২৫
টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন ছিল ৪ মার্চ, মঙ্গলবার। তবে এই বিশেষ দিনটি তিনি সম্পূর্ণরূপে পরিবারের সঙ্গে কাটান। সোহম জানালেন, তিনি ফোন সাইলেন্ট মোডে রাখেন এবং জন্মদিনে আগের মতো বড় পার্টি করার বদলে, এবার পরিবারের সঙ্গে বাড়িতে বসেই দুপুরের খাবার উপভোগ করেন। এই বিশেষ খাবারের প্রস্তুতি নেন তার স্ত্রী তনয়া।
এদিকে মা কালীর কাছে পূজা দিয়ে একটু ভোগ নিবেদন করেন সোহম। সঙ্গে থাকেন স্ত্রী। এর পর সন্ধ্যাটা স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়েই কাটান অভিনেতা। চেষ্টা করেন এই দিনটাতে কোনো শুট না রাখার। চলতি বছর সোহমের জন্মদিনে তাকে 'সারপ্রাইজ' দেওয়ার জন্য তার আগামী সিনেমা 'বহুরূপ'-এর পোস্টার প্রকাশ করেন পরিচালক ও প্রযোজকরা।
'বহুরূপ'-এর পোস্টার দেখে সোহম জানালেন, তিনি বেশ খুশি হয়েছেন। এই সিনেমার জন্য সাতটা লুক করেছেন তিনি। পোস্টারে সেই সাতটা লুকের ঝলক রয়েছে। সাত রকম চরিত্রে দেখা যাবে তাকে। তিনি আরও জানিয়েছেন, এ সিনেমাতে প্রথমবার ইধিকা পালের সঙ্গে সোহমকে জুটিতে দেখা যাবে।
ইধিকা পাল শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন। এবার সোহমের নায়িকা হয়েছেন তিনি। বহুরূপ একজন অভিনেতার গল্প। এই সিনেমায় অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পাল জুটির প্রথম ছবি।
ইধিকার 'খাদান' সাফল্যের পর আরও একটি বড় সিনেমা। জন্মদিনে এই সিনেমার পোস্টার মুক্তিতে অভিনেতা সোহম বলেন, 'সাতটা চরিত্রের সাতটা লুক সময় নিয়ে করেছি। আশা করি দর্শকদের মনে উৎসাহ তৈরি করবে বহুরূপ ছবি নিয়ে।'