বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স বিজয়ী ভিক্টোরিয়া
ছবি : সংগৃহীত
০২:৩৫ পিএম | ০৮ মার্চ, ২০২৫
মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স। মিস ইউনিভার্সের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ নিজেই এমন ইচ্ছা পোষণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সকলকে অবহিত করেন তিনি।
পোষ্টে ফজল আনসারি লেখেন, মেক্সিকো সফররত ২০২৪ মিস ইউনিভার্স বিজয়ী, ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তাঁর দল আমাদের দূতাবাসে এসেছেন। তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।
এর আগে, মেক্সিকো সফরকালে বাংলাদেশ দূতাবাসে এসে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে সাক্ষাৎ করেন ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। সাক্ষাৎকালে বাংলাদেশ সফর নিয়ে আলাপ হয় দুইজনের মধ্যে।
২০২৪ সালে ১২৫ জন প্রতিযোগীকে টপকে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটিই ছিল প্রথম জয়। এছাড়াও কিয়ার থেইলভিগ বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার যে কোনো শিরোপা বিজয়ী দ্বিতীয় ডেনিশ নারী।
এফ পি/এস এন
ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ডেনমার্কের হারলেভে ২০০৩ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব কাটে। লিঙ্গবি হ্যান্ডেলসজিমনাসিয়াম-এ ব্যবসা ও বিপণন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনা শেষে, কিয়ার থেইলভিগ পেশাদার নৃত্যশিল্পী হয়ে ওঠেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার, এবং সৌন্দর্য শিল্পে উদ্যোক্তাবাদ প্রচারের জন্য কাজ করেন তিনি।