এবার অরিজিতের বাড়িতে মার্টিন গ্যারিক্স
ছবি:সংগৃহীত
০৫:৩২ পিএম | ০৯ মার্চ, ২০২৫
গত ফেব্রুয়ারি মাসেই অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন এড শিরান। শিলংয়ে শো করতে যাওয়ার পথে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। প্রত্যন্ত অঞ্চলে দুই গায়ক সুপারস্টারের স্কুটি চড়ে রাতে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল সেসময়ে। এবার অরিজিতের বাড়িতে আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ডিজে মার্টিন গ্যারিক্স। সেই সাক্ষাতের ঝলক সোশাল মিডিয়ায় নিজেরাই ভাগ করে নিয়েছেন অরিজিৎ এবং গ্যারিক্স।
সেই ভিডিওতেই দেখা গেছে, কখনো অরিজিৎ সিংয়ের বাড়ির সোফায় গা এলিয়ে গানে মজেছেন মার্টিন গ্যারিক্স তো কখনো বা আবার গায়ককে আলিঙ্গন করে হাসিঠাট্টায় মেতে উঠেছেন।
সেই দৃশ্য দেখে প্রায় অবাক অনুরাগীরা! ঠিক যেমনটা শিরানের ক্ষেত্রেও হয়েছিল। কাজের সূত্রেই জিয়াগঞ্জে ঢুঁ মেরেছেন মার্টিন গ্যারিক্স। একসঙ্গে তারা একটি দোভাষী গানের ওপর কাজ করছেন। যে গানের নাম ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে গানটি।
এর আগে মার্টিন গ্যারিক্স ভারতে বহুবার পারফর্ম করেছেন। ২০১২ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশের পর থেকে মার্টিন গ্যারিক্স ‘অ্যানিমালস’, ‘ইন দ্য নেম অফ লাভ’, ‘সামার ডেজ’ এবং ‘স্কেয়ার্ড টু বি লোনলি’র মতো হিট গান দিয়েছেন। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে যুগলবন্দিতে ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ নিয়ে আসছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গেল ফেব্রুয়ারিতে অরিজিতের বাড়িতে হাজির হয়েছিলেন এড শিরান। শিলংয়ে শো করতে যাওয়ার পথে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। প্রত্যন্ত অঞ্চলে দুই গায়কের স্কুটি চড়ে রাতে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল সেসময়ে।
এসএম/টিএ