আমিরের সাথে বিয়ের কথায় বড় ধাক্কা খেয়েছিল কিরণের পরিবার
ছবি:সংগৃহীত
১০:২৫ পিএম | ০৯ মার্চ, ২০২৫
বলিউডের সুপারস্টার আমির খান। রীনা দত্তের সঙ্গে প্রথম সংসারের পর পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন তিনি। কিন্তু টিকিয়ে রাখতে পারেননি সেই বিয়েও।
যদিও তাদের মধ্যে এখনও সম্পর্ক খুব ভালো। তবে আমিরের মতো সুপারস্টারকে বিয়ে করতে গিয়ে অনেকটা সমস্যায় পড়েছিলেন কিরণ। অভিনেতার সঙ্গে বিয়ে করবেন এ কথা কিরণের পরিবার জানতে পারায়, কী প্রতিক্রিয়া ছিল তাদের?
এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থাকে কিরণ জানান, এটা তার বাবা-মায়ের জন্য একটা খুব বড় ধাক্কা ছিল। তাদের মেয়ের স্বাধীনতা নষ্ট হবে বলেও আশঙ্কা ছিল। তার পরিবার এই ঘটনায় প্রাথমিক ভাবে খুবই মর্মাহত হয়েছিল। কারণ, বাবা-মায়ের অনেকটা প্রত্যাশা ছিল কিরণের থেকে।
তিনি বলেন, ‘আমি জীবনে অনেক কিছু করতে চাইতাম। সকলেই চিন্তিত ছিল যে আমিরের ব্যক্তিত্ব হয়ত আমাকে ছাপিয়ে যাবে। তার জনপ্রিয়তা আমার পরিচয় হিসেবে প্রমাণিত হতে পারে।’
কিরণের কথায়, ‘আমির আমাকে কখনও বলে দেননি যে আমায় কীভাবে বাঁচতে হবে। বা কী করতে হবে। তিনি আমার কাছ থেকে এমন কিছু আশাও করেননি। আমাকে সবসময় আমার মতো থাকতে দিয়েছেন। তাই যতটুকু পেয়েছি, আমি খুশি। আর এটাই তার অন্যতম সেরা গুণগুলোর মধ্যে একটি।’
প্রসঙ্গত, আমির খান এবং কিরণ রাও ২০০৫ সালে বিয়ে করেন। ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। ছেলে আজাদের দায়িত্ব সমান ভাবেই পালন করছেন তারা।
এসএম/টিএ