নারীরা কুপ্রস্তাব পান তাদের দোষে, অভিনেত্রীর মন্তব্যে তোলপাড়!
ছবি:সংগৃহীত
০৯:৩৯ পিএম | ১০ মার্চ, ২০২৫
সম্প্রতি, নারী দিবসের প্রাক্কালে ভারতীয় অভিনেত্রী মমতা শঙ্কর জানিয়েছিলেন নিজেদের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল আঁটোসাঁটো করে তুলে রাখতে পারছেন না, নিজেকে শক্ত রাখতে পারছেন না বলেই নাকি মেয়েরা কুপ্রস্তাব পান!
মমতা শঙ্করের এমন বক্তব্যের পরেই নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। এবার এই বর্ষীয়ান অভিনেত্রীর নাম সরাসরি না তুলে তাকে কটাক্ষ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
বরাবরই নিজের চিন্তাভাবনা মেদহীন মেজাজে, সপাটে পেশ করেন ঋত্বিক। সে কথায় হোক অথবা ফেসবুকের পাতায়। এবারও তার অন্যথা হয়নি।
ফেসবুকের পাতায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লেখেন, ‘উনি শঙ্কর প্রজাতির শিল্পী’। নিজের এই মন্তব্যের সঙ্গে জুড়ে দেন ভাবুক ইমোজি।
অভিনেতার এমন বক্তব্যর তীর ঠিক কার দিকে, তা বুঝতে মোটেই অসুবিধা হয়নি নেটপাড়ার বাসিন্দাদের। ঋত্বিকের সেই পোস্টের কমেন্টবক্সে একজন লিখেছেন, “সবার জীবনে তো জন্মগতভাবে রবির উদয় ঘটে না। এই সমাজে কোন অবস্থান থেকে যে মানুষ কতভাবে নির্যাতিত হয়, এই সহজ সত্যটা তারা অজানা।”
একজন আবার ঋত্বিকের সুরে সুর মিলিয়ে লেখেন, “আরে বেশিরভাগ মানুষই শঙ্কর প্রজাতির প্রাণী...।” কেউ আবার লিখেছেন, “মানে তার মধ্যে একটুও মমতা নেই বলছেন? সবটাই মায়া।”
এসএম/টিএ