বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
ছবি : সংগৃহীত
১১:২০ এএম | ১১ মার্চ, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর, মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওইদিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন।
সফরের তৃতীয় দিন শনিবার (১৫ মার্চ) ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একইদিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গুতেরেস। রমজান মাস হওয়ায় মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি ঢাকাস্থ জাতিসংঘ অফিস।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এমআর/এসএন