সোমালিয়ায় দীর্ঘ হোটেল অবরোধের অবসান, নিহত ৭
ছবি:সংগৃহীত
০৬:০৭ পিএম | ১২ মার্চ, ২০২৫
সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বেলেদওয়াইনেতে একটি জনপ্রিয় হোটেলে ইসলামপন্থী যোদ্ধাদের ২৪ ঘণ্টার প্রাণঘাতী অবরোধের অবসান ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-শাবাবের এ হামলা গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়, এরপর বন্দুকধারীরা হোটেলে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে যায়। বেলেদওয়াইনে জেলার মেয়র ওমর ওসমান কালাসো বিবিসিকে বলেন, ‘হামলাকারীদের হত্যা করা হয়েছে।
কিছু আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে, আর বাকিদের পুলিশ হত্যা করেছে।’
রাজনীতিক, নিরাপত্তা কর্মকর্তা ও সম্প্রদায়ের সম্মানিত সদস্যরা মধ্য সোমালিয়ায় আল-শাবাববিরোধী অভিযান নিয়ে আলোচনার সময় ক্বাহিরা হোটেলে এ হামলা হয়। পুলিশ কর্মকর্তা আলী মাহাদ এএফপিকে জানিয়েছেন, হামলার সময় সেখানে উপস্থিত বেশির ভাগ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় সাতজন নিহত হয়েছেন বলে মেয়র জানিয়েছেন।
তবে প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে।
অন্যদিকে বেলেদওয়াইনের কেন্দ্রীয় সংসদ সদস্য দাহির আমিন জেসো বিবিসিকে জানান, প্রায় সাতজন বন্দুকধারী হোটেলটিতে হামলা চালায়। আহতদের সংখ্যা এখনো নিশ্চিত নয়, তবে আইন প্রণেতা জেসো জানান, তাদের চিকিৎসার জন্য মোগাদিশুতে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সরকারি বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলির ফলে হোটেলের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে হামলার প্রত্যক্ষদর্শী দোকানদার আলী সুলেমান রয়টার্সকে বলেন, ‘প্রথমে এক বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর গুলির শব্দ।
পরে আরো একটি বিস্ফোরণ হয়।’
মেয়র কালাসো জানান, স্থানীয় সময় বুধবার সকালে ২৪ ঘণ্টার এ অবরোধের সমাপ্তি ঘটে, তবে ‘গুরুত্বপূর্ণ ক্ষতি’ হয়েছে। তিনি বলেন, ‘হামলায় নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, সম্প্রদায়ের সম্মানিত সদস্য ও সেনারা রয়েছেন।’
এদিকে আল-শাবাব দাবি করেছে, তারা এ হামলায় ২০ জনকে হত্যা করেছে, যার মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারপন্থী এক মিলিশিয়া গোষ্ঠীর নেতারা রয়েছেন।
হিরশাবেল রাজ্যের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহি হুসেইন এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেছেন, ‘এই নির্মম চরমপন্থীদের পুরোপুরি নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে’।
রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত বেলেদওয়াইনে আল-শাবাবের বিরুদ্ধে সামরিক অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। সোমালি বাহিনী আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের সহায়তায় আল-শাবাবের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে, তবে সামরিক অভিযান চললেও গোষ্ঠীটি এখনো বড় ধরনের হুমকি হয়ে রয়ে গেছে।
আরএ/টিএ