© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে’

শেয়ার করুন:
‘বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে’
own-reporter
০৫:৫৬ পিএম | ১০ মে, ২০১৯

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের নেতারা বলেছেন, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও অদৃশ্য শক্তিনির্ভর বিএনপি-জামায়াত জোট জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে এক আশঙ্কাজনক রাজনৈতিক শূন্যতা। গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থার জন্য এ ধরনের রাজনৈতিক শূন্যতা বিপদসংকেত। বাংলাদেশ জাসদ এ শূন্যতা পূরণে তার দায়িত্ব যথাসাধ্য পালন করে যাবে। সেই সঙ্গে সব গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে বিষণ্নতা ঝেড়ে ফেলে রাজনৈতিক শূন্যতা পূরণে সক্রিয় হতে হবে।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ ভবনে দুই দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়।

বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় অংশ নেন দলের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, নাসিরুল হক নওয়াব, আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলাদেশ জাসদকে আরও বলিষ্ঠ ও সাহসী ভূমিকা রাখতে হবে।

১৪ দল তথা মহাজোট সরকার সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের একক দলীয় সরকারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক পদ্ধতিতে হওয়ার প্রবণতা ক্রমহ্রাসমান হয়ে এখন তা প্রশাসনের একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমিত হয়ে পড়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন