© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা ফখরুলের আসনে ভোটে লড়বেন হিরো আলম

শেয়ার করুন:
মির্জা ফখরুলের আসনে ভোটে লড়বেন হিরো আলম
central-desk
০৭:৩২ পিএম | ১১ মে, ২০১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

শনিবার দুপুরে গণমাধ্যমকে হিরো আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বগুড়া-৬ আসন আমার নিজের এলাকা। এই আসনে ভোট করার জন্য অনেকেই আমাকে বলেছে। তাই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হিরো আলম আরও বলেন, কিছুদিন আগে আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি। তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন হিরো আলম।

গত ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন মাত্র ৬৩৮ ভোট। বগুড়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথগ্রহণ না করায় ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ জুন ভোটের তারিখ নির্ধারণ করে কমিশন।

ওই তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ২৩ মে। বাছাই ২৭ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। প্রতীক বরাদ্দ করা হবে ৪ জুন এবং ভোট ২৪ জুন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন