মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় দুই স্কুলশিক্ষক নিহত
ট্রাকের ধাক্কায় বাগেরহাটের মোল্লাহাটে দুই শিক্ষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন মোল্লাহাটের সরোষপুর গ্রামের বাহারুল আলম মোল্লা ও রফিকুল ইসলাম দুলাল। নিহত দু’জনই মোল্লাহাটের সরোষপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বুধবার রাতে মোল্লাহাটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, নিহত ওই দুই শিক্ষক মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সদ্য সমাপ্ত প্রাথমিক সমাপনী পরিক্ষার খাতা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে খুলনাগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে দু’জনই মারা যান।
কাজী গোলাম কবির আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।