শ্রমিকদের বেতন না দিয়ে কারখানার মালিকদের বিদেশযাত্রা নয় : শ্রম উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত
০৫:২০ পিএম | ২৫ মার্চ, ২০২৫
বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না।"
শ্রম উপদেষ্টা আরও জানান, "স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনকে এসব মালিকদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।"
তিনি বলেন, ‘আগামী ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।’
নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব- বলেন উপদেষ্টা।
কোন কোন কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে কারখানাগুলোর নাম বলা যাবে না বলে জানান উপদেষ্টা।
এসএস/টিএ