© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রহস্য উন্মোচনে চাঁদ রাতে আসছেন অ্যালেন স্বপন!

শেয়ার করুন:
রহস্য উন্মোচনে চাঁদ রাতে আসছেন অ্যালেন স্বপন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ৩০ মার্চ, ২০২৫
ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে ওটিটি চরকির অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। চাঁদ রাতে গল্পটি জানা যাবে সাত পর্বে। যা চরকিতে রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর ঘোষণাটাই এসেছিল ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে।

তাই দর্শকদের অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। এছাড়াও প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো এক বিন্দুতে মিলবে কিনা, সে প্রশ্নও রয়েছে।

নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ’স্বপন তার মতোই থাকছে নতুন সিজনে। তবে আমরা এবার সিরিজের স্কেল বড় করার চেষ্টা করেছি। কোনো জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সিজনে চরিত্রগুলোর জটিলতা, চরিত্রগুলো কীভাবে এগিয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে সিরিজটি উতরে যাবে আশা করি। দ্বিতীয় সিজনে আরও অনেক কিছু যুক্ত হয়েছে।’

টুইস্ট আরও বাড়াতে সিরিজে যুক্ত হয়েছে নতুন ’বৈয়াম পাখি’ দিশা। চরিত্রটিতে অভিনয় করেছেন জেফার রহমান। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির গান, টিজার। ২৯ মার্চ রাতে প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার। এটি দেখে মনে হচ্ছে সিরিজটিতে বড় চাল চালতে পারে দিশা চরিত্রটি। কারণ ট্রেলারে তাকে বলতে শোনা যায়, ’ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এগুলো কোনো ব্যাপার না। মানি ইজ জাস্ট মানি।’

এছাড়া শায়লা এবং মোমেনা চরিত্রটিও থাকবেন সমান্তরালে। কে কাকে বিপদে ফেলছে, কে কেমন অঙ্ক কষছে, তা জানা যাবে চাঁদ রাতে। ট্রেলারের একদম শেষে শায়লা চরিত্রের কণ্ঠে ’চরশো কোটির পঞ্চাশ কোটি আমারে দিবা’ এবং শুরুর দিকে মোমেনার কণ্ঠে, ’তোমাকে তো চিনে ফেলেছি যাদুর বাপ’ সংলাপ দুটি অনেক রকম সমীকরণের মধ্যে নিয়ে যেতে পারে দর্শকদের। সিরিজে শায়লা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। এ চরিত্রটির নানা রকম কনফিউশন দেখা গেছে প্রথম সিজনে।

প্রসঙ্গত, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন।

এসএন 

মন্তব্য করুন