ইশরাককে ফুল দিয়ে অভিনন্দন জানালেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ৩০ মার্চ, ২০২৫
আদালতের রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ রবিবার (৩০ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি।
গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিতে যান ইশরাক হোসেন।
এ সময় মির্জা আব্বাস বলেন, ‘প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিলেন।
ইশরাক আমার সন্তানের মতো। আমি বিশ্বাস করি, ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, সুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সব সুবিধা নিশ্চিত হবে। ইশরাক নগরবাসীর বিপদে-আপদে পাশে থাকবে।’
তিনি বলেন, ‘সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাকের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এ জন্য শুকরিয়া জানাই।’
এ সময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন।
আরএ/এসএন